Sylhet Today 24 PRINT

শিবগঞ্জে স্কুলছাত্র হত্যায় গ্রেপ্তার আরো ৩

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০১৮

ঈদুল ফিতরের রাতে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় খুন হওয়া স্কুলছাত্র মশিউর রহমান তাসিন হত্যা মামলায় আরো ৩ আসামীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।

শুক্রবার (২২ জুন) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহপরাণ এলাকার ইয়াকুব আলীর ছেলে মো. মিলন আহমদ (১৮), একই এলাকার সুরমান আলীর ছেলে জুম্মান আহমদ (১৮) এবং মোগলাবাজার এলাকার মৃত মো. আওয়ালের ছেলে অপু হোসেন (১৮)।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছেন আখতার হোসেন।

প্রসঙ্গত, ঈদুল ফিতরে রাত ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন মিলে তাসিনকে গলা ও গালে ছুরিকাঘাত করে। এ সময় তাসিন দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় রোববার (১৭ জুন) রাত পৌনে ১২টার দিকে নিহতের বাবা মুজিবুর রহমান বাদী হয়ে শাহপরান থানায় এ মামলাটি দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৭ জনকে আটক করে। এদের মধ্যে ৪ জনকে বুধবার (২০ জুন) আটক করে আদালতে হাজির করা হলে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

জবানবন্দিতে আসামীরা বলেন, সিগারেট খেতে বাধা দেয়ার কারণে খুন করা হয়েছিল তাসিনকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.