নিজস্ব প্রতিবেদক | ২৫ জুন, ২০১৮
আধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ (২২) হত্যা মামলার এজহারভুক্ত পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীও রয়েছেন।
সোমবার (২৫ জুন) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন এ তথ্য জানিয়েছেন।
মিয়াদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন। গত বছরের ১৬ অক্টোবর মিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
আদালত সূত্র জানায়, ওমর মিয়াদ হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ এজাহার নামীয় ৫ আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জামিন নেন। অন্য আসামিরা হলেন- সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ ও জুবায়ের খান।
পরবর্তীতে তারা সিলেট মহানগর দ্বিতীয় আদালত থেকে জামিন নেন। এ নিয়ে মামলার বাদীপক্ষ সিলেট মহানগর নগর দায়রা জজ আদালতে রিভিশন (মামলা নং -৮৭/২০১৮) দায়ের করেন। সোমবার (২৫ জুন) শুনানি শেষে আদালত সিলেট মহানগর দ্বিতীয় আদালতের জামিন দেওয়া অবৈধ ঘোষণা করে আসামিদের ২৮ জুনের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
অ্যাডভোকেট প্রবাল চৌধুরী পূজন বলেন, হাইকোর্ট থেকে ওমর মিয়াদ হত্যা মামলার ৫ আসামি অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে সিলেট মহানগর ২য় আদালত থেকে স্থায়ী জামিন নেয় । এজন্য মহানগর আদালতে ফৌজদারি রিভিশন মামলা করলে আদালত তাদের জামিন বাতিল করেন।
এছাড়াও আদালত রায়হান চৌধুরীসহ ৫ আসামিকে আগামী ২৮ জুনের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।