মৌলভীবাজার প্রতিনিধি | ২৬ জুন, ২০১৮
মৌলভীবাজার প্রেসক্লাবের উদ্যোগে রাজনগর উপজেলায় কামারচাক ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার কামারচাক ইউনিয়নের কামারচাক বাজারে এই ক্যাম্প চালু করা হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, কামারচাক ইউপি চেয়ারম্যান সেলিম আহমদসহ ইউপি সদস্য ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্যরা। এ সময় বন্যার্ত মানুষকে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন, ড. বিনেন্দু ভৌমিক, ড. সায়মা মুজাহিদ লিজা ও অন্যান্যরা।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে পেশাগত কাজের বাইরে সাংবাদিকরা তাদের পাশে দাঁড়িয়েছিল। বন্যা পরবর্তী সময় মানুষের বিভিন্ন রোগবালাই দেখা দেয় তাই আমরা মেডিকেল ক্যাম্প করেছি।