Sylhet Today 24 PRINT

নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৬ জুন, ২০১৮

মৌলভীবাজারে রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের (৩২) কে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জামিন আবেদন করলে ট্রাইব্যুনালের বিচারক বেগম শামীমা আফরোজ তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আবু তাহের নরসিংদী জেলার শিবপুর থানার চাইলতাকান্দি গ্রামের সাদ্দেক ভুঁইয়ার ছেলে। তিনি সর্বশেষ মৌলভীবাজারের রাজনগর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে নাছিমা আক্তার ২০১৭ সালের ৩১ জানুয়ারি রাজনগর থানার এএসআই আবু তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন। এরপর ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে ঐ বছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। এরপর থেকে এএসআই আবু তাহের পলাতক ছিলেন। সর্বশেষ মঙ্গলবার (২৬ জুন) দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আবু তাহের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মাসুক মিয়া জানান, এই মামলায় নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেয়ার পর তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। আজ আদালতে আত্মপক্ষ সমর্পণ করে জামিন আবেদন করলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করি। এ সময় আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.