Sylhet Today 24 PRINT

মিয়াদ হত্যা: রায়হানসহ ৫ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ (২২) হত্যা মামলার এজহারভুক্ত পাঁচ আসামিকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বুধবার (২৭ জুন) দুপুরে এজাহারনামীয় ৫ আসামি সিলেট মহানগর মুখ্য হাকিম আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানান পিপি মাহফুজুর রহমান।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ছাড়া কারাগারে প্রেরণকৃত অন্য আসামিরা হলেন- সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ ও জুবায়ের খান।

মিয়াদ সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী ছিলেন। গত বছরের ১৬ অক্টোবর মিয়াদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

আদালত সূত্র জানায়, ওমর মিয়াদ হত্যা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ এজাহার নামীয় ৫ আসামি হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জামিন নেন। অন্য আসামিরা হলেন- সারোয়ার হোসেন চৌধুরী, রাফিউল করিম মাসুম, ফাহিম শাহ ও জুবায়ের খান।

পরবর্তীতে তারা সিলেট মহানগর দ্বিতীয় আদালত থেকে জামিন নেন। এ নিয়ে মামলার বাদীপক্ষ সিলেট মহানগর নগর দায়রা জজ আদালতে রিভিশন (মামলা নং -৮৭/২০১৮) দায়ের করেন।

সোমবার (২৫ জুন) শুনানি শেষে আদালত  সিলেট মহানগর দ্বিতীয় আদালতের জামিন দেওয়া অবৈধ ঘোষণা করে আসামিদের ২৮ জুনের মধ্যে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.