Sylhet Today 24 PRINT

মেয়র পদে মনোনয়ন জমা দিলেন জুবায়ের

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০১৮

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার (২৭ জুন) দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট মনোনয়ন পত্র জমা দেন সিলেট জেলা বারের আইনজীবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এসময় তার সাথে কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের উদ্দেশ্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন- নিজের মেধা, যোগ্যতা ও সততা দিয়ে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ সিলেট নগরী গঠন করাই আমার প্রধান অঙ্গিকার।

তিনি বলেন, সর্বত্র সুশাসন প্রতিষ্ঠা করে নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। সকলের ভালবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে আমার পথ চলা। আগামীর পথ চলায় নগরবাসীই আমার চালিকা শক্তি।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বর্তমান মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানও রয়েছেন।

গত শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় সিলেট সিটিতে মেয়র পদে বদর উদ্দিন আহমদ কামরানকে মনোনয়ন প্রদান করা হয়।

আজ বুধবার (২৭ জুন) দুপুরে বিএনপি মেয়রপদে সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়।

আগামী ৩০ জুলাই সিলেটসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। এ উপলক্ষেগত ১৩ জুন থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.