নিজস্ব প্রতিবেদক | ২৭ জুন, ২০১৮
মেয়রের পদ থেকে পদত্যাগ করছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বিধি অনুযায়ী নতুন ভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাঁকে এ পদ ছাড়তে হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে মেয়র থেকে পদত্যাগ করবেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান তিনি।
মেয়র বলেন, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিব। তবে এর আগে নিয়মানুযায়ী আমাকে ওই দায়িত্ব ছাড়তে হবে।
বুধবার (২৭ জুন) বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে আরিফুলকে নিশ্চিত করা হয়। যে কারণে প্রথমবারের মতো দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদে নির্বাচন করবেন আরিফ।
এর আগে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের হাতে নৌকা প্রতীক তুলে দেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে বিএনপি’র অর্ধ ডজন প্রার্থীর মধ্যে সমঝোতা না হওয়াতে দলীয় মনোনয়ন নিয়ে অনেকটা দোদুল্যমান ছিলেন আরিফ। অবশেষে সে শঙ্কা কাটিয়ে তার হাতেই উঠলো ধানের শীষ।
তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে। আর বৃহস্পতিবার (২৮ জুন) পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ১ ও ২ জুলাই ও প্রত্যাহার ৯ জুলাই।