সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০১৮
একযোগে ২০২টি দাখিল মাদ্রাসা বন্ধের পর এবার বন্ধ হচ্ছে অস্তিত্বহীন ১৮৯টি স্কুল কলেজ ও মাদ্রাসা। যার মধ্যে সিলেট অঞ্চলের ৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। সব প্রতিষ্ঠানের এডুকেশনাল ইন্সটিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই।
দেশের নয়টি অঞ্চলের ১৮৯টি অস্তিত্বহীন স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে ঢাকায় ২০টি, ময়মনসিংহ অঞ্চলে ৭টি, সিলেট অঞ্চলে ৮টি, বরিশাল অঞ্চলে ২২টি, রাজশাহী অঞ্চলে ৫৯টি, রংপুরে ৭০টি এবং চট্টগ্রামে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘বিকালে অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পেয়েছি। এসব প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর থাকলেও স্বীকৃতি নেই। ফলে এমপিও নেই। এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বলেন, ‘অস্তিত্বহীন ১৮৯ স্কুল কলেজ ও মাদ্রাসার মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে কিনা, থাকলে কতটি প্রতিষ্ঠানের এমপিও রয়েছে তা জানতে চাওয়া হয়েছে অধিদফতরের কাছে।’
তিনি আরো বলেন, ‘এ তালিকার মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও বাতিলের জন্য অধিদফতরকে নির্দেশ দেওয়া হবে। আর যেসব প্রতিষ্ঠানের এমপিও নেই সেগুলোর পাঠদান ও একাডেমিক স্বীকৃতি বাতিল করবে অধিদফতর ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। সেভাবেই নির্দেশনা দেওয়া হচ্ছে।’
অস্তিত্বহীন ১৮৯ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান বলেন, ‘ প্রতিষ্ঠানগুলো বন্ধের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছি। মন্ত্রণালয় এখনও নির্দেশনা দেয়নি। এসব প্রতিষ্ঠান বন্ধ করা জরুরি। মন্ত্রণালয় নির্দেশনা দিলে আমরা ব্যবস্থা নেবো।’
মন্ত্রণালয় ও মাউশির তথ্যে জানা গেছে, সারা দেশে ইআইআইএন নম্বরধারী, অনুমোদনহীন ও স্বীকৃতিবিহীন স্কুল, কলেজ ও মাদ্রাসা মোট এক হাজার ৭৫৮টি। এর মধ্যে ইআইআইএন নম্বরধারী প্রতিষ্ঠান অস্তিত্বহীন প্রতিষ্ঠান ১৮৯টি। অনুমোদনহীন ও স্বীকৃতিবিহীন প্রতিষ্ঠান এক হাজার ৫৬৯টি।
সূত্র: বাংলাট্রিবিউন