সংবাদ বিজ্ঞপ্তি | ২৮ জুন, ২০১৮
সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজ সংস্কৃতি, কৃষ্টি, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং সংস্কৃতিমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সিলেট জেলার ১০টি বিদ্যালয়ে ‘সংস্কৃতি চর্চা’ কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে ১০টি হারমোনিয়াম ও ১০ সেট তবলা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুন) জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই হারমোনিয়াম ও তবলা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০টি বিদ্যালয়ের মধ্যে হারমোনিয়াম ও তবলা বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ ও পরিবেশ অধিদপ্তর সিলেটের উপপরিচালক আলতাফ হোসাইন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। সিলেট সদর উপজেলার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার উপজেলার পঞ্চখন্ড হরগোবিন্দ মডেল উচ্চ বিদ্যালয়, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমী মডেল স্কুল ও কলেজ, আল এমদাদ উচ্চ বিদ্যালয় এবং বিশ্বনাথ উপজেলার রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে এই কার্যক্রমের আওতায় হারমোনিয়াম ও তবলা প্রদান করা হয়।
সরকারি পৃষ্ঠপোষকতায় হারমোনিয়াম ও তবলাপ্রাপ্ত বিদ্যালয়সমূহে একজন প্রশিক্ষক ও একজন তালযন্ত্র সহকারী সপ্তাহে একদিন করে বছরব্যাপী প্রশিক্ষণ প্রদান করবেন।