সুনামগঞ্জ প্রতিনিধি | ২৮ জুন, ২০১৮
সুনামগঞ্জে জেলা শিশু একাডেমির উদ্যোগে নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুন) পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল ৩টা থেকে শুরু হয় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত প্রতিযোগিতা। এতে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তিনটি গ্রুপে শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়। পরে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের অতিরিক্ত (সার্বিক) জেলা প্রশাসক মো. নুরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়, সংস্কৃতিকর্মী রুনা লেইস, স্বপন চৌধুরী, সাহাব উদ্দিন, আলাউর রহমান প্রমুখ।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।