Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে যুবকের হাত-পা বাধা মৃতদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক যুবকের হাত-পা বাধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিম পাড়ায় বেগুন বাড়ী সড়কের পাশে হামিদুল ইসলামের লেবু ও আনারসের বাগান হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম জুয়েল রানা (২৪)। তিনি বেগুনবাড়ি এলাকার জাহের উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, জুয়েল বিষামনি এলাকায় শচিন্দ্র বৈদ্যের মার্কেটে মোবাইল ফোনের রিচার্জ ব্যবসা করতেন। তিনি প্রতিদিন রাত দুইটা তিনটার দিকে বাড়িতে ফিরতেন। ঘটনার দিন ২৮ জুন বৃহস্পতিবার রাতের কোন এক সময় বাড়ী ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়।

শুক্রবার সকালে পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহতের পিতা জাহের উদ্দীন বলেন, জুয়েলের সাথে এলাকায় কিংবা ব্যবসায়িক কোন শত্রুতা ছিলো না। তবে তার স্ত্রীর সাথে পারিবারিক একটি সমস্যা নিয়ে ইতোপূর্বে তার শ্বশুড়বাড়ীর লোকজনদের সাথে কলহ বাধে বলে জানান তিনি।

শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং গলায় শ্বাস রোধ করে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে তাৎক্ষনিক একটি সাধারণ ডায়েরী (নং-১৮৯২, তাং-২৯/০৬/১৮) করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.