Sylhet Today 24 PRINT

আরিফের নির্বাচনী প্রচারণা ফেসবুকে লাইভ দেখাবে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৮

আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচারণা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখাবে বিএনপি। দলটির প্রচার বিভাগের সমন্বয়ে সব ধরনের প্রচারণা ও গণসংযোগ ফেসবুকে লাইভ দেখানো হবে।

সেই সাথে রাজশাহী ও বরিশাল সিটির নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারণায় একই উদ্যোগ গ্রহণ করেছে দলটি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং-এর সদস্য শায়রুল কবির খান জানান,  ‘তিন মেয়র প্রার্থীর নির্বাচনী বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে ‘বিএনপি কমিউনিকেশন পেজ’ থেকে। তিন জন প্রতিনিধি আলাদা-আলাদাভাবে মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, বক্তব্য ও জনসংযোগ ফেসবুকে লাইভ করবেন।’

তিনি বলেন,  নির্বাচনী প্রচারণায় নিয়োজিত প্রত্যেকটি কেন্দ্রীয় টিমের সদস্যদের সংখ্যা এবার কমে গিয়ে বেশি সংখ্যক প্রচার টিম করা হবে। এতে কেন্দ্রীয় নেতারা দায়িত্বশীল থাকবেন।

এছাড়া বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, তিন সিটি নির্বাচনের জন্য পৃথক-পৃথক নির্বাচন পরিচালনা কমিটি করা হবে। স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে এ কমিটি হবে। এছাড়া, ২০ দলীয় জোটের শরিক নেতাদের সমন্বয়েও পৃথক আরও তিনটি পরিচালনা কমিটি হবে।

প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই সিলেট সহ তিন সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.