Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মায়া হরিণ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ জুন, ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা বাগানের একটি পুকুর থেকে একটি মায়া হরিণ উদ্ধার করেছে ৪ যুবক। পরে হরিণটিকে সুস্থ অবস্থায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় যুবক প্রদীপ পাশী বলেন, শনিবার (৩০ জুন) সকাল ১০ টার দিকে ভুরভুরিয়া চা বাগান সংলগ্ন বড় একটি পুকুরে পানি খাওয়ার জন্য আসলে হরিণটি পুকুরের কাদা ও পানিতে আটকে যায়। এসময় সে (প্রদীপ পাশী), মিন্টু মৃধা, নন্দলাল হাজরা, সন্তুস রিকিয়াশন পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করে।

এসময় অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটিকে না ছেড়ে মিন্টু মৃধার বাড়িতে নিয়ে এসে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দেয়।

খবর পেয়ে বন বিভাগের রেঞ্জ অফিসার, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বন বিভাগের কর্মীদের হাতে হরিণটি হস্তান্তর করে।

বনবিভাগ সূত্রে জানা গেছে মায়া হরিণটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষক ও সেবক তানিয়া খান জানান, লাউয়াছড়ায় প্রাণীদের তীব্র খাদ্য সংকট থাকায় বারবার তারা লোকালয়ে যাচ্ছে। লাউয়াছড়াকে ধ্বংসের হাত থেকে না বাচাতে পারলে প্রাণীকুল হারিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.