Sylhet Today 24 PRINT

লতিফ সিদ্দিকীর মুক্তির প্রতিবাদে নগরীতে খেলাফত মজলিসের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৫

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগার থেকে মুক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিলে করেছে খেলাফত মজলিসের একাংশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালতলা এলাকা থেকে মিছিল বরে করে তারা। মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী।

পরে মিছিলটি নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার চৌহাট্টা এলাকা ঘুরে পুনরায় তালতলা কাজীর বাজার মাদরাসায় গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় জামিনের পর আজ সোমবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী। মুক্তির আগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) প্রিজন সেলের ক্যাবিন ব্লক ৫১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন ছিলেন। পরে জামিনে মুক্তির সব কাগজপত্র যাচাই শেষে তাকে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে প্রিজন সেল থেকে মুক্তি দেয়া হয়।

এর আগে গত ২৬ মে সাত মামলায় ছয় মাসের জন্য হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন লতিফ সিদ্দিকী। পরে গত ২৩ জুন আরো ১০ মামলায় তাকে হাইকোর্ট থেকে জামিন দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির এক মতবিনিময় সভায় হজ, তাবলিগ জামায়াত ও প্রধানমন্ত্রীপুত্র জয় সম্পর্কে বেশকিছু মন্তব্য করেন। ওই ঘটনার প্রতিক্রিয়ায় দেশে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.