Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বালি ও পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষ,আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ৩০ জুন, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ ১৫জন আহত হয়েছে। সংঘর্ষের সময় দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে সংঘর্ষকারীরা।

এ ঘটনায় আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউনিয়ন চেয়ারম্যানের ভাই সোহাগ মিয়াসহ ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সাংবাদিক কামাল হোসেনসহ ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দুপুর ১২টায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো গতকাল সোমবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাগটিয়া গ্রামের বালু খেকো মনির উদ্দিন মেম্বারের ছেলে সুরহান মিয়া,দিলকুশ মিয়ার ছেলে রহিছ মিয়া,কুদ্দু ছোবাহানের ছেলে নাসির উদ্দিন ও তাজ উদ্দিনের নেতৃত্বে যাদুকাটা নদীর গুচ্ছগ্রামের সরকারী পুকুর পার কেটে বালি ও পাথর উত্তোলন করে শতাধিক নৌকা বোঝাই করা হচ্ছিল। এসময় বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিনের ভাই সোহাগ মিয়া,রিপন মিয়া ও সেলিম মিয়া তাদের লোকজন নিয়ে নদীর তীরের মালিকদাবী করে বাঁধা দিলে দুইগ্রুপের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ।

এ ঘটনার খবর পেয়ে দৈনিক সংবাদের সাংবাদিক কামাল হোসেন ফটো তুলতে গেলে বালি ও পাথার খেকো সুরহান মিয়া,রহিছ মিয়ার গ্রুপের লোকজন হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। সংঘর্ষে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবৈধভাবে বালি ও পাথার উত্তোলন বন্ধ করে দেয়। প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ উভয়পক্ষে ১৫জন আহত হয়।

তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে এব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.