Sylhet Today 24 PRINT

তাহিরপুরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাহজাহান গ্রেপ্তার

জামালগঞ্জ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০১৮

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সুনামগঞ্জের তাহিরপুরের ইয়াবা ব্যবসায়ী শাহজাহান ওরফে তুতলা শাহজাহানকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা (চন্দ্রপুর) গ্রামের প্রয়াত ইউপি সদস্য মগবুল হোসেনের ছেলে।

রোববার (১ জুলাই) সকালে উপজেলার বাদাঘাট-শিমুলতলা গুটিলা সড়ক থেকে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশি অভিযান টের পেয়ে শাহজাহানের সহযোগী উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আমির আলীর ছেলে ফুল মিয়া ওরফে ফুলু রহমান কৌশলে পালিয়ে যায়।

তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির কর্তব্যরত এএসআই মনিরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাদাঘাট-শিমুলতলা-গুটিলা সড়কে নুরুলের দোকানের পাশে ইয়াবা বিক্রির সময় শাহজাহানকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানান, এক সময় গ্রামে চুরি, ছিনতাই, সংঘর্ষসহ একাধিক মামলার আসামি শাহজাহান বেশ কিছুদিন আগে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের পেশায় নিজেকে জড়ান। সেই সুবাদে গত এক/দেড় বছর ধরে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির (বর্তমানে ফাঁড়ি থেকে অব্যাহতিপ্রাপ্ত) মোটরসাইকেল চালক উপজেলার কাঁশতাল গ্রামের মৃত ফালুর ছেলে রব্বানীর সহযোগিতায় ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। এরপর থানা ও পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে তৎকালীন মোটরসাইকেল চালক রব্বানীকে দিয়ে নজরদারীতে রেখে এলাকায় কয়েকজন লোক রেখে গোটা উপজেলা সদর, বাদাঘাট, কামড়াবন্দ, মোল্লাপড়া, পুরানঘাট, সীমান্তবর্তী চাঁনপুর, বালিয়াঘাট, বুরুঙ্গাছড়া, বড়ছড়া শুল্ক স্টেশন, চারাগাঁও শুল্ক স্টেশন, কলাগাঁও জঙ্গলবাড়ি, বীরেন্দ্রনগর, বাগলীজুড়ে ইয়াবা ডিলার হিসাবে অন্যান্য ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট ইয়াবা বিক্রয়ের ব্যবসা করে আসছিলেন শাহজাহান।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, শাহজাহানকে গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে উপজেলার আরো কয়েকজন ইয়াবা ডিলার ও বিক্রেতার নাম জানা গেছে। এসব তথ্য যাচাই-বাচাই করা হচ্ছে। রোববার দুপুরে শাহজাহানের সহযোগীসহ দুজনের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে মাদকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.