Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে বিদ্যুতের লাইন নিয়ে দু’পক্ষ মুখোমুখি, স্মারকলিপি প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি |  ০২ জুলাই, ২০১৮

সিলেটের বিশ্বনাথে বসত বাড়ি নির্মাণের জায়গার উপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন টানায় গনাইঘর গ্রামের দু'পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছেন। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আবেদন করার পরও বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তারা মিটার দেওয়ার পাঁয়তারা করছেন।

সোমবার (২ জুলাই) দুপুরে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) বরাবরে স্মারকলিপি দিয়েছেন আছা বিবি (৫০) নামের অসহায় এক নারী।

এর আগে ২৬ জুন মঙ্গলবার বিশ্বনাথ পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বরাবরে লিখিত অভিযোগ করেন ওই নারী।

দু’পক্ষের এক পক্ষে রয়েছেন গনাইঘরের মৃত আপ্তাব আলীর স্ত্রী আছা বিবি আর অন্য পক্ষে রয়েছেন পাশের বাড়ির মৃত আলকাছ আলীর ছেলে মৌরশ আলী (৩২), মৃত নোয়াব আলীর ছেলে বাধা মিয়া (৫০), মৃত আরজু মিয়ার ছেলে আখলু মিয়া (৬০)।

আছা বিবির অভিযোগ, তাঁর পৈত্রিক সূত্রে মালিকানাধীন জমির উপর প্রতিবেশীরা বিদ্যুতের লাইন নিতে চাচ্ছেন। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় এক সপ্তাহ আগে দেওয়া লিখিত অভিযোগ তদন্ত না করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা উল্টো মিটার দেওয়ার পাঁয়তারা করছেন।

প্রতিপক্ষের বাদা মিয়া এ প্রসঙ্গে কথা বলতে রাজি না হলেও আখলু মিয়া বলেন, আছা বিবির জমির উপর দিয়ে জোরপূর্বক লাইন টানা হয়নি।

এ প্রসঙ্গে বিশ্বনাথ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মণ বলেন, প্রভাবশালীর বিষয় নয়, জোন ক্লোজিং থাকায় তিনি বিষয়টি তদন্ত করতে পারেননি। শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে হবেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.