Sylhet Today 24 PRINT

সিলেট সিটি নির্বাচনে আরও ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সিসিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ০২ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে শেষ দিনে ৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে ১ জন সাধারণ কাউন্সিলর এবং ৪ জন সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী।

সোমবার (২ জুলাই) তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

বিভিন্ন কারণে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন- ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আশিক আহমেদ, সংরক্ষিত আসনে ৭নং ওয়ার্ডের প্রার্থী শিবানী দেব রায়, ক্ষমা রাণী দে, ৮নং ওয়ার্ডের প্রার্থী শারমীন আক্তার ও ৯নং ওয়ার্ডের আছমা বেগম।

নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, রোববার সিসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র এবং সংরক্ষিত ৯টি ওয়ার্ডের মধ্যে প্রথম ৬টির প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। সোমবার যাচাই বাছাইয়ের শেষ দিনে অবশিষ্ট ওয়ার্ডগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আরও ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ (সোমবার)। এ পর্যন্ত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মোট ১৫ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মেয়র পদেও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় আজ।

যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তাঁরা আপিলের সুযোগ পাবেন বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.