ছাতক প্রতিনিধি | ০২ জুলাই, ২০১৮
ছাতকে আলোচিত আওয়ামীলীগ নেতা ফারুক হত্যা মামলার অন্যতম আসামী আব্দুর রাজ্জাক(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ জুলাই) বিকেলে ধারন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রাজ্জাক গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের কাকুঁরা গ্রামের মৃত মনু মিয়ার পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে ধারন বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।
নিহতের স্ত্রী রেহেনা বেগম কর্তৃক আদালতে দায়েরকৃত হত্যা মামলার এজাহার ভুক্ত ২ নং আসামী আব্দুর রাজ্জাক। সে আরো একটি হত্যা মামলার আসামী বলে জানা গেছে। আব্দুর রাজ্জাকসহ এ হত্যা কাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার পুরান মৈশাপুর গ্রামের গোলাম কিবরিয়ার পুত্র আহসান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুর রাজ্জাককে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, সে হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামী।