Sylhet Today 24 PRINT

এবার আরিফের বিরুদ্ধে কামরানের অভিযোগ

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

মঙ্গলবার (৩ জুলাই) সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে কামরানের পক্ষ থেকে অভিযোগ করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

অভিযোগের বিষয়টি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার রায়।

কামরানের অভিযোগে করেন, প্রতীক বরাদ্দের আগেই সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ওয়ার্ড ও পাবলিক প্লেইসে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি মনোনয়নপত্র জমা দেয়ার দিনও তিনি দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেটিও আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে বলে আমি/আমরা মনে করি। আরিফুল হক চৌধুরীর প্রচার-প্রচারণার লিফলেট, স্টিল ছবি ও বিভিন্ন প্রচারণার সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

অভিযোগে নির্বাচনের আচরণবিধি ‘লঙ্ঘনের কারণে’ আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

এর আগে সোমবার (২ জুলাই) বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিলেন সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.