কমলগঞ্জ প্রতিনিধি | ০৪ জুলাই, ২০১৮
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মো. জসিম উদ্দিন নামে এক যুবক। মঙ্গলবার (৩ জুলাই) স্থানীয় সময় রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জসিম উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে। তার মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।
জসিমের ছোট ভাই সংবাদকর্মী মো. সুমন মিয়া জানান, তার বড় ভাই ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। গত ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। আহতাবস্থায় তাকে সৌদিআরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১ দিন চিকিৎসা চলার পর গত মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
বুধবার তার মৃত্যুর খবর মৌলভীবাজারের কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌঁছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী ভাইসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন মানসিকভাবে।
তবে তার স্বজনদের জোর দাবী যত দ্রুত সম্ভব সরকারী অর্থায়নে নিহত জসিমের মৃত দেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার।