নিজস্ব প্রতিবেদক | ০৪ জুলাই, ২০১৮
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরুর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩ জুলাই) রাত ১ টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ এ তল্লাশি চালায় বলে জানান মহানগর বিএনপির এ নেতা।
তিনি জানান, মাঝরাতে একদল পুলিশ এসে তাঁর ভাই ও সিলেট মহানগর যুবদল নেতা কামরুল হাসান শাহিনের খোঁজ করে। পরে তাকে বাসায় না পেয়ে পুলিশ চলে যায়।
তিনি আরো জানান, পুলিশের কাছে জানতে চাইলে তারা বলেন আমার ও আমার ছোট ভাই শাহিনের বিরুদ্ধে নগরীতে ‘নাশকতার পরিকল্পনা করার’ অভিযোগ রয়েছে। তবে আমি পুলিশের কাছে তল্লাশির ব্যাপারে কাগজপত্র চাইলে তারা কোন কিছুই দেখাতে পারেনি।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন তল্লাশির বিষয়টি নিশ্চিত করলেও এর বেশি কোন তথ্য জানাননি।