নিজস্ব প্রতিবেদক | ০৫ জুলাই, ২০১৮
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘লন্ডনে বসে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কোটা পদ্ধতি নিয়ে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারেক। তার ইঙ্গিতে একটি পক্ষ কোটা নিয়ে আন্দোলন করছে।’
বুধবার (৪ জুলাই) সিলেটের শহরতলীর ময়ূরকুঞ্জ কনভেনশন সেন্টারে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘একমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। সুন্দরভাবে দেশ পরিচালিত হচ্ছে। কোটা পদ্ধতি বাতিল করে সংসদে প্রধানমন্ত্রীও বক্তব্য রেখেছেন। তারপরও দেশেকে অচল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারেক রহমান।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন থেকে বাংলাদেশ থেকে লুট করা টাকা দিয়ে লন্ডনে সপরিবারে রয়েছে তারেক। এদেশের মানুষ জানে, এসব টাকা কোথায় থেকে যাচ্ছে।’
‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার অপরাধে সাজা ভোগ করছেন। ক্ষমতায় থেকে খালেদা জিয়া দেশের সাধারণ মানুষের টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছেন। এ কারণে জামিনের জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করে ব্রিটিশ আইনজীবীও নিয়োগ করতে পারছেন’ বলেও মন্তব্য করেন হানিফ।