Sylhet Today 24 PRINT

ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি

ছাতক প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত সোমবার থেকে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে নতুন-নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

বর্তমানে সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সুরমা নদীর পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে। এতে এখানকার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়া ছাতক সদর, কালারুকা, চরমহল্লা, দোলারবাজার, ভাতগাঁও, উত্তর খুরমা, দক্ষিণ খুরমা, সিংচাপইড়, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নসহ পৌরসভার বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় অধিকাংশ এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা। শহর ভিত্তিক ছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পানিবন্দি অবস্থায় নির্ধারিত দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় নৌপথে ছোট-ছোট নৌকা চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজকের মধ্যেই ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ারও আশংকা করছেন স্থানীয়রা।

এছাড়া ইসলামপুর ইউনিয়নের রতনপুর, নিজগাঁও, গাংপাড়, নোয়াকোট, বৈশাকান্দি, বাহাদুরপুর, ছৈদাবাদ, রহমতপুর, দারোগাখালী, পৌরসভার হাসপাতাল রোড, শাহজালাল আবাসিক এলাকা, শ্যামপাড়া, মোগলপাড়া তাতিকোনা, বৌলা, লেবারপাড়া নোয়ারাই ইউনিয়নের বারকাহন, বাতিরকান্দি, চরভাড়া, কাড়–লগাঁও, লক্ষীভাউর, চানপুর, মানিকপুর, গোদাবাড়ী, কচুদাইড়, রংপুর, ছাতক সদর ইউনিয়নের বড়বাড়ী, আন্ধারীগাঁও, মাছুখালী, তিররাই, মুক্তিরগাও, উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল, ঘাটপার, গদালমহল, রুক্কা, ছোটবিহাই, এলঙ্গি, রসুলপুর, শৌলা, চরমহল্লা ইউনিয়নের ভল্লবপুর, চুনারুচর, চরচৌলাই, হাসারুচর, প্রথমাচর, সিদ্ধারচর, চরভাড়কা দক্ষিণ খুরমা ইউনিয়নের হরিশরণ, হাতধনালী, রাউতপুর, ধনপুর, চৌকা, রামচন্দ্রপুর, হলদিউরা কালারুকা ইউনিয়নের নয়া লম্বা হাটি. করছখালী. রামপুর, মালিপুর, দিঘলবন, আরতানপুর, রংপুর, মুক্তিরগাঁওসহ বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.