ছাতক প্রতিনিধি | ০৬ জুলাই, ২০১৮
পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি ও সরকারী প্রতিষ্ঠান কমিটির সদস্য ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলাটি বিশ্বের বৃষ্টিবহুল এলাকা ভারতের চেরাপুঞ্জির সবচেয়ে কাছাকাছি হওয়ার পাহাড়ি ঢল আসা মাত্রই দোয়ারাবাজার উপজেলায় আঘাত করে। এর জন্য অন্য যে কোন উপজেলার চেয়ে বন্যায় এ উপজেলায় ক্ষতিগ্রস্ত বেশি হয়। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষে এক হাজার কোটি টাকা ব্যয়ে সুরমা নদী খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভারত থেকে ধেয়ে আসা উপজেলার আরো কয়েকটি ছোট বড় নদী খনন হয়ে গেলে আশা করছি এই সমস্যা আর থাকবে না।
শুক্রবার (৬ জুলাই) বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে পৃথক পৃথক পথ সভায় এ কথা বলেন তিনি।
পরিদর্শন কালে তিনি আরো বলেন, আওয়ামী লীগ জনগণের দল হিসেবে এ দেশের প্রতিটি মানুষের নাড়ীর সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগের নেতা হতে হলে সাধারণ মানুষের সুখ দু:খের সাথী হতে হবে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা আমাদের জন্য সমৃদ্ধির যে পথ সৃষ্টি করেছেন, সে পথের শেষ পর্যন্ত আমাদের যেতে হবে। এবারের বন্যায় দরিদ্র ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা যথা সাধ্য ত্রাণ পৌঁছে দেয়ার চেষ্টা করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সুশীল রঞ্জন দাস, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী মো. আনোয়ার মিয়া আনু, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ, আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, দোহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, জাহাঙ্গীর আলম, বিমল দাস, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো.তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো.তাজুল ইসলাম, একরামুল হোসেন সোহেল, নিউটন দাস প্রমুখ।