নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন, ২০১৫
৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় চার যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কে হেতিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জের দড়া গ্রামের আলাউদ্দিন ছেলেকে সঙ্গে নিয়ে নগরীর লালদিঘীর পাড় আইএফআইসি ব্যাংক থেকে ৫লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলনের পর সিএনজি অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে হেতিমগঞ্জ যাওয়ামাত্র দুই মোটরসাইকেলে চার ছিনতাইকারী আলাউদ্দিনের ছেলেকে ছুরকাহত করে ৫লাখ টাকা ছিনিয়ে নেয়। তাদের আর্তচিৎকারে স্থানীয়রা ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা দক্ষিণ সুরমার কুচাই দক্ষিণপাড়া এলাকায় কবরস্থানে আশ্রয় নেয়। এসময় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে তাদের চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ছিনতাইকারীদের মধ্যে টাকা বহনকারী যুবক এলাকার এক লোককে গলায় ছুরা ধরে জিম্মি করে। এসময় তার পকেট থেকে ৫০ হাজার টাকার একটি বান্ডেল পড়ে যায়। টাকাটি তুলতে গেলে লোকজন তাকে ঝাপটে ধরে গণধোলাই দেন।
এছাড়া অপর এক ছিনতাইকারী নিজেকে পুলিশ পরিচয় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা তাকে আটক করলে তার কাছ থেকেও ৫০ হাজার টাকার একটি বান্ডেল উদ্ধার করেন।
মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান চার জনকে আটক ও টাকা উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে কারণে তাৎক্ষনিক তাদের নাম পরিচয়ন দিতে পারেননি তিনি।