বড়লেখা প্রতিনিধি | ০৭ জুলাই, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বেরেঙ্গা পানপুঞ্জিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মধ্যে গাড়ি, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও কৃষি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জুলাই) সকালে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় পানপুঞ্জির জনগণের জীবনমান উন্নয়নে এই উপকরণগুলো বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সুহেল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেরেঙ্গা পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জি প্রধান) কোয়ান সিং প্রেঙ্গে।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, হুইপের সহকারি একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, সাংবাদিক আব্দুর রব ও লিটন শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে বেরেঙ্গা পানপুঞ্জির শিক্ষার্থীদের যাতায়াতের জন্য একটি পিকআপ ভ্যান পানপুঞ্জির মন্ত্রী কোয়ান সিং প্রেঙ্গের হাতে তুলে দেন অতিথিরা। এছাড়া একশো জন শিক্ষার্থীর মধ্যে স্কুল ব্যাগ, অভিধান, পানির বোতল, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
এছাড়া ৮৮ জন শিক্ষার্থীদের মধ্যে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং লেবুসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনের জন্য ২০ জন চাষির মধ্যে পাঁচ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।