Sylhet Today 24 PRINT

কামরান ‘কিছুই করেননি’, আরিফের উন্নয়ন ‘লোক দেখানো’

দেবব্রত চৌধুরী লিটন |  ০৮ জুলাই, ২০১৮

ভোটযুদ্ধে নামার আগে বাকযুদ্ধে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থী। কথার লড়াইয়ে একে অপরকে ঘায়েল করছেন বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী।

আরিফ-কামরান দুইজন সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন। ফলে ভোটের আগে স্বভাবতই ভোটারদের কাছে আলোচিত হচ্ছে দুই মেয়রের সময়কার উন্নয়ন। এ নিয়েও একে অপরের সমালোচনা করেছেন আরিফ ও কামরান।

আরিফের ভাষ্য, মেয়র থাকাকালে নগরীর উন্নয়নে কিছুই করেননি কামরান। আর কামরানের মতে, আরিফ লোক দেখানো উন্নয়ন করেছেন। সরকারের টাকার অপচয় করেছেন।

আরিফের মেয়াদকালের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, বর্তমান সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। সিলেট সিটি কর্পোরেশন এলাকা অর্থমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা হওয়ায় প্রচুর পরিমাণ বরাদ্দ আসলেও সেই পরিমাণ উন্নয়ন হয়নি। শুধুমাত্র টাকার অপচয় হয়েছে। এক কথায় বলবো পরিকল্পনাবিহীন কসমেটিক্স উন্নয়নের মাধ্যমে লোক দেখানো কাজ করা হয়েছে। যা সিলেটের মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরেছে।

আর বদর উদ্দিন আহমদ কামরানের মেয়াদকালের উন্নয়ন প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ৫ বছর আমি মেয়র থাকাকালে ২ বছরেরও বেশি সময় কারাগারে ছিলাম। বাকি সময়ের মধ্যে উন্নয়ন যা করতে পেরেছি তা দৃশ্যমান। ৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান তখন মেয়র ছিলেন। আর বর্তমানে যিনি অর্থমন্ত্রী তখনও তিনি অর্থমন্ত্রী ছিলেন। তিনি (কামরান) অন্তত ১টা প্রকল্প দেখান যা সিলেট নগরবাসীর জন্য বাস্তবায়িত হয়েছে। তিনি মেয়র থাকাকালে কিছুই করতে পারেন নি। আমি তো বিরোধী দলের মেয়র। নগরীর উন্নয়নের জন্য আমি দৌড়ে গেছি অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকারসহ বিভিন্ন মন্ত্রণালয়ে। নিজে আরাম আয়েস করে মেয়রগিরি করি নি। নগরীর টেকসই উন্নয়নে দীর্ঘ মেয়াদি অনেক প্রকল্প আনতে সক্ষম হয়েছি। যা দৃশ্যমান। উনার (কামরান) মন্ত্রী থাকা সত্বেও উনি কতটুকু করতে পেরেছিলেন এই প্রশ্ন জনগণই দেখবে।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই ৩য় বারের মতো সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরিফ ও কামরান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.