Sylhet Today 24 PRINT

শনিবার ভিটামিন ‘এ’ খাবে সিলেটের প্রায় ৫ লাখ শিশু

নিজস্ব প্রতিবেদক |  ১২ জুলাই, ২০১৮

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে আগামী শনিবার সিলেটের প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে।

এরমধ্যে সিলেট নগরীতে প্রায়  ৬২ হাজার  ও সিলেট জেলায় ৪ লাখ ৪৮ হাজার ১১৫ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে।

বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনে ও সিলেট সিভিল সার্জনের উদ্যোগে আয়োজিত পৃথক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের অবহিতরকণ সভায় জানানো হয়- শনিবার সারাদেশে ন্যায় নগরীর ২৭ ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ২৪৭ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এ কার্যক্রম চলবে।

মতবিনিময়ে আরো জানানো হয়েছে, নগরের ২৭ ওয়ার্ডে ৬২হাজার ২৫৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৫ হাজার ৬শ’১৬ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৫৬ হাজার ৪শ’৭৯ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

নগরে অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ১০৬টি, স্থায়ী টিকাকেন্দ্র ৩০টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৮৯টি, ও ভ্রাম্যমাণ ঠিকাকেন্দ্র রয়েছে ৩২টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ২ জন করে ৪৯৪ জন সেচ্ছাসেবী কাজ করবেন।’ এছাড়া ক্যাম্পেইন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ রয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন সিসিকের প্রধান নির্বাহী এ জেড এম নুরুল হক।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

এদিকে বিকেলে সিভিল সার্জনের উদ্যাগে মতবিনিময় সভায় জানানো হয়-  সিলেট জেলার ১২ উপজেলার ২ হাজার ৫৬৩টি টিকাদান কেন্দ্রে শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যম্পেইন অনুষ্ঠিত হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উপলক্ষে এসব কেন্দ্রে জেলার ৪ লাখ ৪৮ হাজার ১১৫ শিশুকে ভিটামিন-এ খাওয়ানো হবে।

এদের মধ্যে এদের মধ্যে ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৪৭ হাজার ৬৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের ৪ লাখ ৪২২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সারা দেশের ন্যায় সিলেটের ১২টি উপজেলায় এই কার্যক্রম চলবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।

তিনি বলেন, “জেলার ১২ উপজেলায় অস্থায়ী টিকাকেন্দ্র রয়েছে ২৪১৬টি, স্থায়ী টিকাকেন্দ্র ১২টি, অতিরিক্ত টিকাকেন্দ্র ৯৯টি, ও ভ্রাম্যমাণ ঠিকাকেন্দ্র রয়েছে ৩৬টি। টিকাদানে প্রতি কেন্দ্রে ৩ জন করে ৫ হাজার ১২৬ জন সেচ্ছাসেবী কাজ করবেন।

এছাড়া স্বাস্থ্য বিভাগের ১১শ’২৫ জন কর্মী ক্যাম্পেইন কাজে নিয়োজিত থাকবেন। তাছাড়া ক্যাম্পেইন করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল সরবরাহ রয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীরের সঞ্চালনায় মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, সিভিল সার্জন অফিসের প্রধান গৌস আহমদ চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আমজাদ হোসেন। বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির।

উল্লেখ্য, যদি কোন শিশু গত ৪মাসের মধ্যে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে সেই শিশুকে আর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। এছাড়া কান্নারত অবস্থায় বা জোর করে শিশুকে খাওয়ানো যাবে না। কোন শিশুকে আস্ত বা গোটা খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভিতরের তরল টুকু খাওয়াতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.