Sylhet Today 24 PRINT

আমি আপনাদের সমৃদ্ধ নগরী উপহার দেবো: সেলিম

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন, সিটি কর্পোরেশনকে একটি আদর্শ প্রশাসনে পরিণত করে কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য। মেয়র পদের সকল প্রার্থীদের মধ্যে আমি সর্বোচ্চ শিক্ষিত হলেও সবার চেয়ে আমার সম্পদের পরিমাণ কম। কারণ আমি সততা ও নীতির রাজনীতিতে বিশ্বাসী। সিসিক নির্বাচনে আমাকে বাস প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করুন। আমি আপনাদের সমৃদ্ধ নগরী উপহার দেবো।

শুক্রবার (১৩ জুলাই) সকাল থেকে দিনভর নগরীর বিভিন্ন স্থানে পৃথক গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন তিনি।

গণসংযোগকালে সিলেট নাগরিক কমিটির সভাপতি শোয়েব আহমদ ছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
এদিকে, শুক্রবার বিকেলে শাহী ঈদগাহস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের বাস মার্কার নির্বাচনী কার্যক্রম জোরদার করতে যুব সংগঠক সালাউদ্দিন রিমনকে সিলেট মহানগরের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সমন্বয়কারী নির্বাচিত করা হয়। স্বল্প সময়ের মধ্যে নগরীর সকল ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার কাজ চলছে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.