Sylhet Today 24 PRINT

আরিফ পত্নীর গণসংযোগ

নিউজ ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৮

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছে তার সহধর্মিণী সামা হক চৌধুরী।

শনিবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দক্ষিণ সুরমার কুশিঘাট, গোটাটিকর, অবিনন্দীসহ আশেপাশের এলাকায় গণসংযোগ করে তিনি।

এসময় আরিফুল হক চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সামা হক চৌধুরী বলেন, ৫ বছরের জন্যে নির্বাচিত হলেও প্রায় তিন বছর কারাগারে বন্দী ছিলেন আরিফুল হক চৌধুরী। মিথ্যা মামলায় পরিবার পরিজন ছেড়ে বন্দী থাকার দুঃসহ যন্ত্রণা ভুলে জেল থেকে বের হওয়ার পরও মনে কোন ক্ষোভ পুষে রাখেননি আরিফ।

তিনি বলেন, আরিফ অতীতের অবিচার অন্যায় ভুলে শুধুমাত্র সিলেটের উন্নয়নের স্বার্থে আবারও নব উদ্যমে কাজ শুরু করেছিলেন, যা সিলেটবাসী জানেন। সুতরাং একটা মানুষের এত ত্যাগ তিতিক্ষা বৃথা যেতে পারে না, সিলেটের প্রতি তার মায়া দেখে সবার মতো আমিও তার জন্য ভোট চাইতে দোয়ারে দোয়ারে এসেছি এবং আমি সিলেটবাসীর কাছ থেকে যে সাড়া পাচ্ছি তা অভাবনীয়।

আরিফ পত্নী বলেন, জনতার আরিফ আবার জনতার উন্নয়নের কাণ্ডারি হবেন এ ব্যাপারে আমি দৃঢ় আশাবাদী।

গণসংযোগে আরিফ পত্নীর সাথে আর উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া বেগম চৌধুরী, মহিলা দলের সভাপতি জাহানারা ইয়াসমিন, মহিলা দলের সহ সভানেত্রী মিনারা হোসেন, মহিলা দলের সাংগঠনিক সাফিয়া খাতুন মনি, তানিয়া রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.