Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের লোকালয়ে আহত অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০১৮

বনাঞ্চলে তীব্র খাদ্য সংকটের কারণে শ্রীমঙ্গলের লোকালয়ে এসে আহত একটি অজগরকে উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ জুলাই) সকালে উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর এলাকার আফতাব মিয়ার
বাড়ি থেকে এ অজগর সাপটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অনেকদিন ধরে এই অজগরটি আফতাব মিয়ার বাড়িতে থাকা মুরগীগুলো খেয়ে ফেলতো। একইভাবে মঙ্গলবার সকালে মুরগী খাওয়ার জন্য সাপটি আসলে বাড়ির লোকেরা অজগর সাপটিকে দেখে ফেলে। পরে এটিকে মেরে তাড়িয়ে দেওয়ার জন্য লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতে থাকে। অজগরটি সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করলেও মানুষের লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পরে থাকে।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকেরা প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, অজগর সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাণীটি বেশ আহত । আমরা এটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। প্রাণীটি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে আমরা এটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দিয়ে আসবো।

মূলত বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট থাকার কারণেই প্রাণীরা বন ছেড়ে লোকালয়ে আসছে এবং মানুষের হাতে আহত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.