Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০১৮

সুনামগঞ্জে লিপসন আহমদ (২২) নামের এক সাংবাদিক দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। আহত লিপসন স্থানীয় দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

মঙ্গলবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌরসভার পাশের এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

লিপসন আহমদের বড় ভাই ফয়সল আহমদ জানান, রাতে শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় কয়েকজন যুবক লিপসনকে পথ আগলে পার্শ্ববর্তী রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নিয়ে যায়।

সেখানে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গা আঘাত করে। মারধরের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে পথচারীরা লিপসনকে উদ্ধার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা লিপসনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদউল্লাহ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি ও ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সুনামগঞ্জসহ স্থানীয় সাংবাদিকরা।

শারীরিক অবস্থা খারাপ থাকায় কারা এই হামলা চালিয়েছে তা লিপসনের কাছ থেকে জানা যায়নি বলে জানিয়েছে লিপসন আহমদের বড় ভাই ফয়সল আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.