Sylhet Today 24 PRINT

ইংরেজি ও আইসিটির প্রভাবে সিলেটে কমেছে পাসের হার

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৮

ইংরেজি ও আইসিটির কারণে সিলেট শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে বলে মনে করেন শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ এমনটি জানান।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার ইংরেজিতে পাসের হার ৭০.৯৬। গতবার ছিলো ৮৩ শতাংশ এবং আইসিটিতে পাসের হার ৮৮ শতাংশ। গতবার ছিলো ৯২ শতাংশ।

এবার এইসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাস করেছে হার ৬২ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী। যা গতবছরের থেকে ৯ দশমিক ৯২ শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৭২ দশমিক ০৩ শতাংশ।

এ ব্যাপারে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ বলেন, ইংরেজিতে এবছর অনেক শিক্ষার্থী খারাপ করেছে। এছাড়া আইসিটিতেও শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। ফলে পাসের হার কমেছে।

পাসের হার কমলেও জিপিএ-৫ বাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এবছর সিলেটে জিপিএ-৫ পেয়েছে মোট ৮শত ৭৩ জন শিক্ষার্থী। যা গতবারের তুলনায় ১৭৩ টি বেশি। গতবার জিপিএ-৫ পায় ৭০০ জন পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ বলেন, পাসের হার কমলেও জিপিএ-৫ বাড়ায় আমরা খুশি। জিপিএ-৫ বাড়ায় প্রমাণ হয় শিক্ষার গুণগত মান বেড়েছে।

এবছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫শ’ ৩৪ জন ছেলে ও মেয়ে ৩শ’ ৩৯জন।

বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.