Sylhet Today 24 PRINT

এবারো সিলেটে মেয়েরা এগিয়ে

এইচএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৮

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরাবরের মতোই এগিয়ে আছে মেয়েরা। জিপিএ-৫ এর দিক থেকে ছেলেরা এগিয়ে থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ এবং পাসের দিক থেকে এগিয়ে আছে মেয়েরা।

আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষাবোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

এবারের এইচএসসি পরীক্ষায় ৬৪ দশমিক ৮১ শতাংশ মেয়ে এবং ৫৮ দশমিক ৯২ শতাংশ ছেলে শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছেন।    

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় ৩৮ হাজার ৪৮১ জন মেয়ে অংশগ্রহণ করে তার মধ্যে পাস করেছে ২৪ হাজার ৯৪১ জন। অপরদিকে ৩২ হাজার ৫৬১জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করেছে ১৯ হাজার ১৮৬ জন।

তবে জিপিএ-৫ এর দিন থেকে সিলেট শিক্ষা বোর্ডে এগিয়ে আছে ছেলেরা। ৫৩৪ জন ছেলে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন যেখানে ৩৩৯ জন মেয়ে পেয়েছেন জিপিএ-৫।

গত বছরের ফলাফলে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় ৭৯ দশমিক ৩৬ শতাংশ মেয়েরা উত্তীর্ণ হয়েছিল। ৩৫ হাজার ১২২জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ২৫ হাজার ৭৬৭ জন। যেখানে ছেলেদের পাশের হার ছিল ৭০ দশমিক ৩৯ শতাংশ। ২৯হাজার ৮৭৮ জন ছেলে গতবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং পাশ করেছিল ২১ হাজার ৩০ জন।

প্রসঙ্গত, এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২৮৬টি কলেজের ৭১ হাজার ৬শ ৭৫ জন এইচএসসি পরীক্ষার্থী ছিল। যার মধ্যে ৭১ হাজার ৪২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৪৪ হাজার ১শ ২৭ জন পাস করেছে।

এ বছর সিলেটে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে  ৮৭৩ জন শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.