Sylhet Today 24 PRINT

এগিয়ে সিলেট পিছিয়ে মৌলভীবাজার

এইচএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের ফলাফল

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০১৮

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের দিক থেকে শীর্ষে রয়েছে সিলেট জেলা। আর সবচেয়ে কম পাস করেছেন মৌলভীবাজারে শিক্ষার্থীরা।

এবার ৬২ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন সিলেট শিক্ষা বোর্ডে।এ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮ শত ৭৩ জন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৬৬ দশমিক ৯১ শতাংশ পাসের হার নিয়ে সিলেট শিক্ষা বোর্ডের চার জেলার মধ্যে শীর্ষে রয়েছে সিলেট জেলা।

সবচেয়ে কম ৫৫ দশমিক ২৫ শতাংশ পাসের হার মৌলভীবাজার জেলায়। ৬৪ দশমিক ২০ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে সুনামগঞ্জ জেলা এবং ৫৭ দশমিক ৭৫ শতাংশ শতাংশ নিয়ে হবিগঞ্জ জেলার অবস্থান তৃতীয়।

সিলেট শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সিলেট জেলায়। এই জেলায় পূর্ণ জিপিএ পেয়েছেন ৬ শত ৯৬ জন। এরপরই মৌলভীবাজারের শিক্ষার্থীদের অবস্থান। এই জেলায় জিপিএ ৫ পেয়েছেন ১ শত ১৮ জন। ৩৭ জন জিপিএ ৫ পেয়েছেন হবিগঞ্জ জেলায়। আর সুনামগঞ্জ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ২২ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবার এ বোর্ডের অধীনে ২২৮টি প্রতিষ্ঠান থেকে ৭১ হাজার ৬৭৫ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৭১ হাজার ৪২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন ৪৪ হাজার ১২৭ জন। গড় পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ।

এবছর ইংরেজি ও আইসিটিতে অকৃতকার্য হয়েছে বেশি। ইংরেজিতে পাসের হার ৭০.৯৬। যা গতবার ছিলো ৮৩ শতাংশ এবং আইসিটিতে পাসের হার ৮৮ শতাংশ। যা গতবার ছিলো ৯২ শতাংশ। এ বছর ফলাফল সার্বিক খারাপ হলেও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীরা সংখ্যা বেড়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭০০ জন। এবার পেয়েছেন ৮৭৩ জন।

ফলাফলে দেখা যায়, পাসের হারের দিক থেকে ছেলেদের চেয়ে  মেয়েরা এগিয়ে। ছেলেদের মধ্যে ৩২ হাজার ৫৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৯ হাজার ১৪৬ জন এবং ৩৮ হাজার ৪৮১ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ২৪ হাজার ৯৪১ জন। ছেলেদের পাসের হার ৫২.৯২ এবং মেয়েদের পাসের হার ৬৪.৮১ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.