Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ টাকা বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জনপ্রতি ৩০০ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা করে মোট ৯ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নারায়ণ মল্লিক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ইতিমধ্যে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫০ পরিবারের মধ্যে ১৫ লক্ষ টাকার শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.