Sylhet Today 24 PRINT

গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা আরও বাড়বে

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

তীব্র গরমে প্রায় ওষ্ঠাগত প্রাণ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমের কারণে বৃহস্পতিবার প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন জনজীবন। এরমধ্যে আরও দুঃসংবাদ শুনিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিলেটে তাপমাত্রা আরও বাড়বে বলে ধারণা তাদের।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সিলেটে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে শুক্রবার।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সিলেট আবহাওয়া অফিস থেকে প্রেরিত আবহাওয়া বার্তায় জানানো হয়, সিলেটে শুক্রবার দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামী ২/৩ দিনের মধ্যে বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই উল্লেখ করে আবহাওয়া অফিস কর্মকর্তারা জানান, বছরের এমন সময়ে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়েছে ৬৮ শতাংশ। যা সন্ধ্যা ৬টায় কমে ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

যদিও বৃহস্পতিবার বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বেলা ২টার দিকে গরম ৫১ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে তা কমে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

বুধবার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোন বৃষ্টিপাত হয়নি বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া বার্তায় জানানো হয়, শুক্রবার সূর্যোদয় হবে ৫টা ১৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.