Sylhet Today 24 PRINT

‘সম্ভাবনার সিলেট; প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৮

সিলেটের সম্ভাবনার কি আর এরসঙ্গে প্রত্যাশা ও প্রাপ্তির মিল কতটুকু- এসব বিষয় উঠে এলো আলোচনায়।  সেমিনারের আলোচ্য বিষয়ও ছিলো- ‘সম্ভাবনার সিলেট; প্রত্যাশা ও প্রাপ্তি’।

এই সেমিনারে বক্তারা সিলেটের সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। একইসঙ্গে প্রত্যাশা ও প্রাপ্তির ফারাকও তুলে ধরা হয়।

এতে সভাপতির বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর একে আবদুল মোমেন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রমাণ করেছে তার সরকার উন্নয়নের সরকার। এই সরকারের আমলে ধনী-গরীবের মধ্যে বৈষম্য কমেছে। দেশের জনগণের প্রয়োজনেই এই সরকারকে আবারও প্রয়োজন।
মঙ্গলবার নগরীর হাফিজ কমপ্লেক্সে ‘সম্ভাবনার সিলেট; প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডক্টর মোমেন আরও বলেন, একই সরকার দীর্ঘমেয়াদী সময় থাকলে দেশে উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার আবারও পরিচালনায় গেলে বাংলাদেশ হবে এশিয়ার সুইজারল্যান্ড। তিনি আগামী ৩০ জুলাই সিটি করপোরেশন নির্বাচনে সিলেটে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক অপূর্ব শর্মা। মূল প্রবন্ধে তিনি সিলেটের বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য তুলে ধরেন। এছাড়াও তিনি সিলেট নগরীর যানজট, জলাবদ্ধতাসহ নানাবিধ সমস্যার কথাও তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধির কার্যকর ব্যবস্থা গ্রহণ ও পরিকল্পনা বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য উপস্থাপন করেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সিলেট জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দোপাধ্যায়, সম্প্রীতি বাংলাদেশের সদস্য ডক্টর নুজহাত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সাংবাদিক আল আজাদ, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা। সেমিনারে আয়োজন করে প্রগতিশীল নাগরিক ফোরাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.