গোলাপগঞ্জ প্রতিনিধি | ২০ জুলাই, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে খাদ্য দ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে গোলাপগঞ্জ বাজারের চৌমুহনীতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, গোলাপগঞ্জ বাজারের পৌর শহরের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চৌমুহনীস্থ বনরাজ রেস্টুরেন্টকে তিন হাজার, মা রেস্টুরেন্টকে তিন হাজার, মেয়াদোত্তীর্ণ পণ্যের জন্য আব্দুর রহমান স্টোরকে তিন হাজার, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ঔষধ বিক্রয়ের প্রস্তাবের জন্য মাশরুর ফার্মেসীকে এক হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধের জন্য মা ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে যেন এরকম না হয় সে জন্য সতর্ক করে দেন। প্রতিষ্ঠানগুলোর মালিক পরবর্তীতে এ ধরণের অপরাধ করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।
অভিযানটি সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব সিলেট ও গোলাপগঞ্জ থানা পুলিশ।