Sylhet Today 24 PRINT

যুবলীগ নেতার রেস্টুরেন্টে ‘শিবিরের হামলা’

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়েরের লিফলেট বিতরণকে কেন্দ্র করে যুবলীগ নেতার রেস্টুরেন্টে শিবিরের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২০ জুলাই) বিকেলে সিলেট নগরীর সুবিদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুবিদ বাজার এলাকায় জুম্মার নামাজের পর মহানগর জামায়েতের আমির ও সিলেট সিটি নির্বাচনের মেয়রপ্রার্থী এড. এহাসানুল মাহবুব জুবায়েরের সমর্থনে লিফলেট বিতরণ করছিলো শিবির কর্মীরা। এসময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তাদের লিফলেট বিতরণে বাধা দেন।

এতে উভয় পক্ষের বাকবিতণ্ডা হলে শিবির কর্মীরা সেখান থেকে চলে যায়। এর ঘণ্টাখানেক পর শিবির কর্মীরা ৭নং ওয়ার্ডের সভাপতির নেতৃত্বে সংগঠিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দেয়। ছাত্রলীগ কর্মীরা সেখান থেকে সরে গেলে শিবিরের কর্মীরা সাবেক যুবলীগ নেতা আব্দুল হান্নানের মালিকানাধীন মৌরসী রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তারা রেস্টুরেন্টের কাঁচ ও আসবাব ভাঙচুর করা হয়।

হামালার ব্যাপারে আব্দুল হান্নান বলেন, আমি তখন রেস্টুরেন্টে ছিলাম না, তারা ৪ মোটর সাইকেলে ৮/১০ জন এসে ভাঙচুর করেছে। পরে শুনেছি ৭ নং ওয়ার্ড শিবিরের সভাপতি হামলার নেতৃত্ব দেন। কারো নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।

তবে সিলেট বিমানবন্দর থানার ওসি গৌসুল হোসেন এ ব্যাপারে কিছু জানেন না বা এমন কোনো অভিযোগও তাদের কাছে আসেনি বলে জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.