কমলগঞ্জ প্রতিনিধি | ২১ জুলাই, ২০১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নের ২৪৭ পরিবারের মধ্যে আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিট।
শনিবার (২১ জুলাই) বেলা ১২টায় পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক ও সবজি বীজ বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার ইউনিটের আয়োজনে আর্থিক অনুদান ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের সভাপতি শাহ মোহাম্মদ আলী, পতনঊষার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর, ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, পতনঊষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়েজ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বন্যাদুর্গত পতনঊষার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৪৭টি পরিবারের সদস্যদের মধ্যে ৪ হাজার ৫ শত টাকার চেক ও ৮ প্রকার সবজি বীজের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।