Sylhet Today 24 PRINT

গোয়াইঘাটে অপহরণের ১৮ দিনেও উদ্ধার হয়নি সোমা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৫

অপহরনের ১৮ দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী সোমা রানী দাস(১৭)। সিলেটের গোয়াইনঘাট থেকে অপহৃত সোমাকে উদ্ধারে নেই পুলিশেরও কোন তৎপরতা। সোমার অভিভাবক শংকর দাসের অভিযোগ এই ঘটনার শুরু থেকেই পুলিশের আচরণ রহস্যজনক।

গত ১৪ জুন জিডি করলেও পুলিশ রহস্যজনক কারণে ১৬ জুন রেকর্ড করে। শুধু তাই নয় চিহ্নিত হওয়ার পরও পুলিশ অপহরণকারীকে গ্রেফতার ও সোমাকে উদ্ধারে কোন তৎপরতা দেখাচ্ছে না।

জানা গেছে, গোয়াইনঘাটের কামাই গ্রামের শংকর দাসের বাড়ী থেকে গোয়াইনঘাট ডিগ্রী কলেজে যাওয়ার পর সোমা আর ফিরেনি। পরে ভিকটিমের মামা শংকর দাস গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করনে, যাহার নং ৬৫৩।

সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়, সোমা রানী দাস গোয়াইনঘাট ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। ভিকটিম লেখাপড়ার জন্য মামার বাড়ীতে থাকতো। সে কানাইঘাট উপজেলার হারাতৈল (বেতু) গ্রামের করুণাময় দাসের মেয়ে।

জিডি তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হক জানান, ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

এদিকে অপহরনকারীচক্র গ্রেফতার না হওয়ায় সংখ্যালঘু পরিবারটি উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন।

ভিকটিম পরিবারকে আইনগত সহায়তাকারী সংস্থা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের প্রতিনিধি রাকেশ রায় জানান, সোমা অপহরণের সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাদের ব্যাপারে প্রশাসন অবগত। জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেয়া হলে সোমাকে ফিরে পাবে তার পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.