Sylhet Today 24 PRINT

আরিফের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দুই অভিযোগ কামরানের

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০১৮

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আরও দুটি অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।

শনিবার (২১ জুলাই) সকালে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামানের কাছে এসব অভিযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

লিখিতভাবে করা দুটি অভিযোগের একটিতে উল্লেখ করা হয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় নির্বাচনী সভা করেন। রাস্তা বন্ধ করে সভা করায় প্রায় ১ ঘন্টা সেখান দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ফলে রোগী ও তাদের স্বজনদের চলাচলে বিঘ্ন ঘটে।

অপর এক অভিযোগে বলা হয়, আরিফুল হক চৌধুরী নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের ভেতরের মাঠ ব্যবহার করে নির্বাচনী পোস্টার সাঁটানোর কার্যক্রম চালাচ্ছেন। এর ফলে ঈদগাহের পবিত্রতা নষ্ট হচ্ছে।

এ দুটি অভিযোগ তদন্তপূর্বক আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান শফিকুর রহমান চৌধুরী।

উল্লেখ্য, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ করা হয়েছে। আবার কামরানের বিরুদ্ধেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.