Sylhet Today 24 PRINT

সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: নুমেরী জামান

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২১ জুলাই, ২০১৮

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, স্বল্প জমিতে ফসল ফলিয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। কৃষিক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে এটা সম্ভব হয়েছে। পূর্বে এ দেশে সার সংগ্রহ করতে অনেক কৃষক নিহত হয়েছেন। এখন কৃষকদের কাছে সরকার সার পৌঁছে দিচ্ছে। গোলাপগঞ্জ উপজেলায় এখনো অনেক অনাবাদী জমি রয়েছে। এগুলো ফেলে না রাখে আমাদের আবাদ করতে হবে। এক ফসলি জমিকে, দুই ফসলি জমি ও দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তরিত করতে হবে।

শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ আলু উৎপাদনে ৫ম স্থানে, মাছ উৎপাদনে ৪র্থ ও শীতকালীন সবজি উৎপাদন ৩য় স্থানে রয়েছে। আমাদের মাথা পিছুআয়ও বেড়েছে। পূর্বে মাথাপিছু আয় ছিল ৬ ডলার এখন ১৭ ডলারের কাছাকাছি আমাদের মাথাপিছু আয়। শিক্ষাক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে গেছি। আমাদের সবার আন্তরিক প্রচেষ্টার ফলে আজ বাংলাদেশ শিক্ষা, কৃষি, মৎস্যসহ প্রতিটি ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের আর পিছনে থাকানোর সময় নেই। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় অফিসার মো. জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তউহীদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, কৃষিজীবীদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম।

শুরুতে উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি নুরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক লস্কর, কৃষক প্রতিনিধি নিজাম উদ্দিন, মাতাবুর রহমান, সাংবাদিক এনামুল হক এনাম, জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি খালেদ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফাহাদ হোসাইন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.