Sylhet Today 24 PRINT

ব্যবসা-বাণিজ্যের প্রসারের স্বার্থে আরিফকে বিজয়ী করার আহবান

ধানের শীষের সমর্থনে সম্মিলিত ব্যবসায়ী ফোরামের গণসংযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৮

সিলেটে ব্যবসায়ীদের জন্য সুন্দর ও উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে কাজ করেছেন আরিফুল হক চৌধুরী। ব্যবসায়ীদের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। ব্যবসায়ীদের সমস্যাকে দূর করার জন্য আরিফুল হক চৌধুরীর ভূমিকা অসাধারণ। শুধু তাই নয়, আরিফুল হক চৌধুরী নগরীর উন্নয়নে ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক ও আদর্শ নগরী গড়ে তুলার লক্ষ্যে কাজ করেছেন। সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারের স্বার্থেই আরিফুল হক চৌধুরীকে পুনরায় মেয়র পদে বিজয়ী করার জন্য কাজ করতে হবে।

রোববার (২২ জুলাই) সিলেট নগরীর আম্বরখানা বাজার, রংমহল টাওয়ার, পৌর বিপণী মার্কেট, হকার্স মার্কেট, সিটি সুপার মার্কেট এবং কুদরত উল্লাহসহ মহাজনপট্টি, কালিঘাট এবং লালদিঘীরপাড় এলাকায় ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে সম্মিলিত ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ এমন কথা বলেন।

রোববার সকাল দশটায় শুরু হওয়া গণসংযোগে রাজনৈতিক এবং সাধারণ মানুষ ছাড়াও সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। আম্বরখানা আবাসিক এলাকায় মনিপুরী সম্প্রদায় এবং কলোনিতে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সাথে গণসংযোগকালে অংশ নেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মির্জা আফরোজা আব্বাস, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ শাম্মী আখতার শিপা, সাবেক সাংসদ রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ ইয়াসমিন আরা হক, সাবেক সাংসদ ও নির্বাহী সদস্য নেওয়াজ হালিমা আরলীসহ বিএনপি এবং ২০ দলীয় জোট এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রংমহল টাওয়ারে আরিফুল হক চৌধুরী গণসংযোগে এসে পৌঁছলে ব্যবসায়ী নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়ে ছাতা উপহার দেন এবং উৎসুক জনতাকে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে সুখ এবং সমৃদ্ধির প্রতীক ধানের শীষকে বিজয়ী করার জন্য উদাত্ত আহবান জানান।

এ সময় মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, ব্যবসায়ীরা আমাকে অত্যন্ত ভালোবাসেন। তাদের ভালোবাসা দেখে সত্যিই অভিভূত। ব্যবসায়ীরা যেহেতু দেশের উন্নয়নে অন্যতম চাবিকাঠি, সেহেতু সিলেট নগরীর উন্নয়নে তাদের অবদান কোনো অংশে কম নয়। তাই মেয়র থাকা অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করেছি, ব্যবসায়ীদের জন্য একটি সুন্দর ও উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে। একটি পরিকল্পিত ও আদর্শ নগরী গড়ে তুলতে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে কাজ করেছি। আমাকে আবার নির্বাচিত করলে, আগের থেকেও বেশি আপনাদের পাশে থাকবো। সম্মিলিতভাবেই একটি ব্যবসাবান্ধব নগর গড়তে কাজ করবো। আপনাদের প্রচণ্ড ভালোবাসা আমাকে সেই বিশ্বাস দিয়েছে যে. ধানের শীষে ভোট দিয়ে আমাকে আবার জয়যুক্ত করবেন।

নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মহানগর খেলাফত মজলিশের সহসভাপতি আব্দুল হান্নান তাপাদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম প্রমুখ।

ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে গণসংযোগে অংশ নেন সিলেট রেস্টুরেন্ট মালিক সমিতির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সভাপতি কুতুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ, নাজমুল হক, জিয়াউল হক চৌধুরী, মোস্তফা মেহেদী হাসান খান, শাব্বির আহমদ লোকমান, সুহেল ওসমান গণি, লায়েক আহমদ, রিনুক আহমদসহ সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এছাড়া আরিফুল হক চৌধুরী বন্দরবাজার, জিন্দাবাজার এবং আল হামরা শপিং সিটিতেও গণসংযোগ করেন। বাদ আছর রিকাবীবাজার গণসংযোগ করার পর দক্ষিণ সুরমাস্থ খোজারখলা পয়েন্টে পথসভায় অংশগ্রহণ করবেন আরিফুল হক চৌধুরী।

সন্ধ্যার পর কানিশাইলে পথসভায় এবং চৌকিদেকিতে উঠান বৈঠকে অংশ নেবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.