Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে শিশু ধর্ষণ চেষ্টা, মামলা দায়েরের ৬ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি

বানিয়াচং প্রতিনিধি |  ২২ জুলাই, ২০১৮

বানিয়াচংয়ে হযরত হায়দার আলী শাহ’র মাজারের ওরসে আসা শিশুকে উঠিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টার আসামি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউরকে মামলা দায়েরের ৬ দিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফলে শিশুটির পরিবার এক ধরণের শঙ্কার মধ্য দিয়ে দিনযাপন করছেন।

১৬ জুলাই সোমবার হযরত হায়দর শাহ’র মাজারের ওরসে আসা এক শিশুকে উঠিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় যুবদল নেতা জিয়াউর। এ ব্যাপারে ওই শিশুর পিতা আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামের মৃত কাচাই উল্লাহর পুত্র জামাল মিয়া বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানান,আসামি জিয়াউর মাথায় হেলমেট পরিধান করে তার বাড়িতে দিনেদুপুরে প্রকাশ্যে আসা যাওয়া করছে। পুলিশ তাকে খোঁজে পাচ্ছে না। এমনকি তিনি পার্শ্ববর্তী উপজেলায় উপজেলা পরিষদের উপনির্বাচনে দলীয় প্রার্থীর হয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বলেও জানান তারা।

পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীসহ মামলার বাদী জামাল মিয়া। তিনি জানান, পুলিশ যদি তার বাড়ির আশেপাশে একটু নজরদারী জোরদার করত তাহলে আসামি জিয়াউরকে আটক করাটা সহজ হত। আসামি ধরা তো দুরের কথা মামলার পর থেকে পুলিশ আমার সাথে কোন যোগাযোগই করেনি।

বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, আসামি যুবদল নেতা জিয়াউরকে ধরতে পুলিশের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.