Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ গ্রেপ্তার ২

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ জুলাই, ২০১৮

সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানা পুলিশের অভিযানে রাজনা বেগমের স্বামী সুহেল মিয়া (২০) সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ গোয়াইনগ্রামের হারুনুর রশিদের মেয়ে ও লুনি গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, পশ্চিম জাফলং ইউনিয়নের গোয়াইন গ্রামের হারুনুর রশিদের মেয়ে রাজনা বেগম (১৯) এর প্রায় ২ মাস আগে বিয়ে হয় একই ইউনিয়নের লুনিগ্রামের সালেহ আহমদ (সালই) এর ছেলে সুহেল আহমদের সাথে। বিয়ের পর থেকে সুহেল ও তার পরিবারের লোকজন রাজনা বেগমের উপর নির্যাতন চালাত। শনিবার ভোর ৬টায় রাজনা বেগম তার মা-বাবার সাথে মোবাইল ফোনে আলাপ করে জানায় তার স্বামীর পরিবারের লোকজন তাকে কৃষি জমিতে চাষাবাদের জন্য যেতে বলে। কিছুক্ষণ পর সকাল ৮টার দিকে রাজনা বেগমের বাবার কাছে ফোন আসে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে নিহত রাজনা বেগমের লাশ উদ্ধার করেন তাঁর বাপের বাড়ির লোকজন।

নিহত রাজনা বেগমের মা সংবাদকর্মীদের বলেন, যে কক্ষের মধ্যে আমার মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে সে কক্ষের আড়া থেকে নিচের খাটের দূরত্ব আমার মেয়ের উচ্চতার সমান। কোনভাবে এ আড়ার সাথে রশ্মি বেধে আমার মেয়ের মৃত্যু হতে পারে না। তাঁর স্বামী সুহেল ও তাঁর পরিবার পরিজন আমার মেয়েকে বেধড়ক নির্যাতন করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে বেধে রাখে। লাশ উদ্ধারের সময় আমার মেয়ের পা নিচের খাটের উপর দাড় করানো ছিলো।

এ ব্যাপারে রাজনা বেগমের মা ছয়দুন নেছা বাদী হয়ে লোনি গ্রামের সালেহ উদ্দিনের পুত্র সুহেল মিয়াকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, গৃহবধূ রাজনা বেগমের মৃত্যুর খবর পেয়ে অফিসার তদন্ত হিল্লোল রায় ও এসআই জুনায়েদ আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করা হয়। পরে নিহত রাজনা বেগমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজনা বেগমের লাশ সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রাজনা বেগমের মাতা ছয়দুন নেছার লিখিত এজাহারের প্রেক্ষিতে থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা রুজু করা হয়েছে এবং এজহারনামীয় দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত রাজনা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য সিওমেক হাসপাতালে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.