Sylhet Today 24 PRINT

৫ দিন ধরে তালাবদ্ধ সিংচাপইড় ইউপি কার্যালয়, সেবামূলক কার্যক্রম বন্ধ

ছাতক প্রতিনিধি |  ২২ জুলাই, ২০১৮

ছাতকে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধের কাজে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাউবোর উপসহকারী প্রকৌশলীকে অবরুদ্ধ রেখে লাঞ্ছিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল সাময়িক বরখাস্ত হওয়ার পর থেকে ৫ দিন ধরে তালাবদ্ধ রয়েছে ইউনিয়ন পরিষদ কার্যালয়।

বুধবার (১৮ জুলাই) সকাল থেকে অফিসে তালা লাগানো থাকায় ইউনিয়ন পরিষদের সকল সেবামূলক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দূরদূরান্ত থেকে সেবা নিতে আসা অনেক নারী-পুরুষ সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক লোকজন জানান, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন থেকে ইউপি কার্যালয় বন্ধ রয়েছে। এতে এখানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে আসা নারী-পুরুষরা সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছেন। একটি সেবামূলক প্রতিষ্ঠান কি করে ৫ দিন ধরে তালা মেরে রাখা যায় তা তাদের বোধগম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

এ ব্যাপারে ইউপি সচিব কামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন না ধরে কেটে দেন। পরে আবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

সিংচাপইড় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন। ১৭জুলাই সকাল ১০টার দিকে কার্যালয়ে গিয়ে আমি আদেশ কপি সংগ্রহ করি। পরে ইউপি সচিবের মাধ্যমে জানতে পারি সাময়িক বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যানের নির্দেশে অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইউপি সচিব তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আকারে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.