Sylhet Today 24 PRINT

মাছিমপুরে সংঘর্ষে আহত দীপুর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৮

সিলেট নগরীর মাছিমপুরে সংঘর্ষে আহত নৌকা প্রতীকের সমর্থক আবুল কালাম দীপু ও তাঁর পরিবারকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কাউন্সিলর মোস্তাক ও তার সহযোগীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

রোববার (২২ জুলাই) দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মাছিমপুরের সাবেক মেম্বার আব্দুল হান্নানের ছেলে আবুল কালাম দীপু নিজেই।

দীপু জানান, ১৮ জুলাই মাছিমপুরে কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মোস্তাক আহমদ ও তার ভাই-ভাতিজাসহ ২০ থেকে ২২ জন সংঘবদ্ধভাবে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ভাই মঞ্জু বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী। ঘটনার দিন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের প্রচারণার জন্য আমার ভাই মঞ্জুর নেতৃত্বে নেতাকর্মীরা একত্রিত হচ্ছিলো। এ সময় নৌকার পক্ষে লোকজনের সংখ্যা বেশি দেখে কাউন্সিলর মোস্তাক রেগে যান। তিনি মঞ্জুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

দীপু বলেন, মোস্তাকের সাথে তার ভাই-ভাতিজারা দা, রামদা নিয়ে আমাদের ওপর হামলা চালায় এবং মোস্তাকের ভাই খসরুর ঘরে থাকা বন্দুক নিয়ে এসে গুলি ছুঁড়তে থাকে। আমি ও আমার ভাই আত্মরক্ষার্থে মাছিমপুর এলাকার মাহমুদ আলীর বাড়িতে আশ্রয় গ্রহণ করি। তারা ওই বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। দা দিয়ে কুপিয়ে আমাকে গুরুতর জখম করে।

তিনি আরও বলেন, আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ২ দিন চিকিৎসাধীন ছিলাম। আমার উপর হামলা চালিয়ে মোস্তাক বাহিনী ক্ষান্ত হয়নি। প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। নির্বাচনের পর আমাদেরকে জানে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।

যে কোন সময় হামলার আশংকা করছেন দীপু ও তাঁর পরিবার। আবুল কালাম দীপু বলেন, এমন পরিস্থিতিতে আমাদের জীবন হুমকির সম্মুখীন। পুলিশ প্রশাসন কাউন্সিলর মোস্তাক ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আদালতের আশ্রয় নেব।

একই সাথে কাউন্সিলর মোস্তাক, তাঁর ভাই খসরু ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেন আবুল কালাম দীপু। সংবাদ সম্মেলনে দীপুর পিতা হাজী আব্দুল হান্নান, মাতা রেজিয়া বেগম ও ভাই মঞ্জু উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.